যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়িতে পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
সদর থানার এএসপি রাকিব খান জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের বাইপাস সড়কে জামায়াতে ইসলামীর কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে পুলিশের থেমে থাকা একটি ভ্যানে আগুন দেয়।
তিনি বলেন, “প্রথমে সামনের দিক থেকে গাড়ির কাচ লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে হরতালকারীরা। গাড়ি খালি থাকায় এর পরপরই কাছে এসে আগুন ধরিয়ে দেয়।”
স্থানীয় লোকজন পানি ঢেলে ও বালি ছিটিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেতে সক্ষম হয় বলে রাকিব খান জানান।
তিনি বলেন, এই ঘটনায় বাইপাস সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে রাকিব হোসেন নামে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়।
তবে হরতালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পরিস্থিতি শান্ত রয়েছে বলে এএসপি জানান।
গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সোমবার দুপুরে এই হরতাল ডাকে। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে।
হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিলেও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেট, সিদ্ধিরগঞ্জ ও টঙ্গীতেও পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন