ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে রামু ঘটনার তদন্ত প্রতিবেদন তুলে দিয়েছে বিএনপি তদন্ত কমিটি।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গুলশানের একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে রামুর ঘটনায় তদন্ত কমিটি বাংলাদেশে নিযুক্ত ১১টি দেশের কূটনীতিকদের কাছে এ প্রতিবেদন দেয়।
গুলশান-২ এর ১০৯ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির ‘হেরিটেজ রেস্টুরেন্টে’ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ব্রিটিশ ও কানাডীয় হাইকমিশনার; ফ্রান্স, সিঙ্গাপুর, তুরস্ক, নরওয়ে ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত ছাড়াও যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ ১১টি দেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তদন্ত কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘‘রামুর ঘটনার ফলে ভঙ্গুর সম্মান ফিরিয়ে আনতে কূটনীতিকদের কাছে তদন্ত প্রতিবেদন তুলে দেয়া হয়েছে।’’
বিএনপি তার নিজস্ব দায়িত্ববোধ থেকে প্রতিবেদন তুলে দিয়েছে দাবি করে মওদুদ বলেন, ‘‘রামুর ঘটনায় সরকার জড়িত। তাই আমরা এ ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের চিহ্নিত করতে অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি।’’
তিনি জানান, ‘‘ প্রশাসনের নিষ্ক্রিয়তায় রামুর এ ঘটনায় বিদেশি কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।’’
বৈঠকে বিএনপির তদন্ত কমিটির অন্য সদস্য স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিদেশীদের কাছে রামুর সত্যিকারের ঘটনা তুলে ধরতে বৌদ্ধ ধর্মালম্বীদের বিএনপি চেয়ারপারসনকে অনুরোধের কারণেই এ বৈঠকের আয়োজন করে বিএনপি।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন