সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রী মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দলকে সঙ্গে নিয়ে তাজরিন ফ্যাশনসের পোড়া ভবনে যান এবং নিচতলা ও দ্বিতীয় তলা ঘুরে দেখেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “এটা নাশকতা। প্রধানমন্ত্রীও ইতোমধ্যে বলেছেন, এটা নাশকতা।”
“এর সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর”, বলেন মন্ত্রী।
শনিবার রাতে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনা খতিয়ে দেখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রশাসন, ফায়ার ব্রিগেড ও পুলিশের পক্ষ থেকেও আলাদা কমিটি করা হয়েছে।
প্রাণহানির ঘটনায় সোমবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল।
রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাস, পুলিশের ওপর সাম্প্রতিক হামলা এবং পোশাক কারখানায় আগুনের ঘটনা একসূত্রে গাঁথা বলেও তিনি মন্তব্য করেন।
তদন্ত শেষ হওয়ার আগেই কীভাবে নাশকতার কথা বলা হচ্ছে জানতে চাইলে তাজরিন কারখানায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তদন্তেই সব বেরিয়ে আসবে”
আশুলিয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের আর কোথও অন্য কোনো শিল্প কারখানায় যাতে ‘এ রকম’ ঘটনা না ঘটে সেদিকে সবাইকে খেয়াল রাখতে বলেন মন্ত্রী। কোনো কারখানায় যাতে উৎপাদন ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখার তাগিদ দেন।
এক প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, সব কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে বিজিএমইএর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
মালয়েশিয়া থেকে দেশে ফিরে সকালেই আশুলিয়ার এই কারখানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র মন্ত্রী। র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
মন্ত্রী চলে যাওয়ার পর ওই কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকরা অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ধাওয় করে ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সাভারের জামগড়া থেকে কালো পতাকা হাতে মিছিল করে নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের সামনে দিয়ে নরসিংহপুর বাসস্ট্যান্ডে যায়।
এ সময় মিছিলকারীরা ‘দুনিয়ার মজদুর এক হও’, ‘অত্যাচারীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি শ্লোগান দেন এবং তাজরিনে অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের শাস্তির দাবি জানান।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন