
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীতে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়িতে ঢিল ছুড়েছে পিকেটাররা।
এ সময় বেশ কয়েকজন যুবক ওই গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায় বলেও জানিয়েছে পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়নি।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়িতে ঢিল ছোড়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
“এ সময় গাড়ির গতি কমে এলে তাতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।”
হামলার পরপরই গাড়িটি দ্রুত গতিতে ওই এলাকা ত্যাগ করে। গাড়িতে পুলিশ ছিল বলেও এসআই সালেহ জানান।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সোমবার দুপুরে এই হরতালের ডাক দেয় দলটি। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে।
হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিলেও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেট, সিদ্ধিরগঞ্জ ও টঙ্গীতেও পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন