ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পে ২১০ কোটি ডলার বা ১৬ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দেবে জাপান। এই প্রকল্পের অধীনে রাজধানীর প্রস্তাবিত মেট্রোরেলপথ করা হবে।
সচিবালয়ে গতকাল রোববার বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিরো সাদাশিমোর সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জাপান সরকার এমআরটি প্রকল্পে ২১০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি জানাতেই জাপানি রাষ্ট্রদূত আমার কাছে এসেছেন। এমআরটি প্রকল্পের কাজ চলতি অর্থবছরে শুরু হয়ে ২০১৭ সালের মধ্যে শেষ হবে।’ তিনি জানান, ২৭০ কোটি ডলারের এই প্রকল্পে বাকি অর্থ নিজস্ব উৎস থেকে সংস্থান করা হবে।
এমআরটি ছাড়া আরও তিনটি প্রকল্পে জাপান ৮০ কোটি ডলারের বেশি ঋণ দেবে বলে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে ভেড়ামারা কম্বাইন্ড পাওয়ার সাইকেল প্ল্যান্ট প্রকল্পের জন্য দেবে ৪৬ কোটি ৭০ লাখ ডলার। ন্যাশনাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন প্রকল্পে দেবে ২৩ কোটি ৮০ লাখ ডলার। আর স্বাস্থ্য খাতের উন্নয়নে দেবে ১০ কোটি ডলার।
মেট্রোরেলের পথ উত্তরার তৃতীয় প্রকল্প থেকে শুরু করে পল্লবী হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর, সংসদ ভবনের পাশ ঘেঁষে শাহবাগ হয়ে দোয়েল চত্বর দিয়ে প্রেসক্লাব হয়ে মতিঝিলে গিয়ে শেষ হবে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন