যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে বিভিন্ন জেলায় অন্তত ৬৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিক্ষিপ্ত সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের মধ্যেও বেশিরভাগ জেলায় মঙ্গলবার সকাল থেকে এ হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে।
জামায়াতের ডাকা এ হরতালে ‘নৈতিক সমর্থন’ দিয়েছে তাদের প্রধান শরিক বিএনপিও।
যানবাহন ভাংচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পাবনায় ২৬, বগুড়ায় ১২, বরিশালে ৭, কক্সবাজারে ৫, কুড়িগ্রামে ৩, কিশোরগঞ্জে ২, বাগেরহাটে ১, রাজবাড়ীতে ৩,নীলফামারীতে ১ জন ও হবিগঞ্জে জেলা আমিরসহ ৫ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
জেলাগুলো থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
পাবনা
হরতালে নাশকতা ও বিভিন্ন স্থানে পিকেটিংয়ের চেষ্টাকালে পুলিশ জামায়াত শিবিরের ২৬ জন কর্মীকে আটক করেছে বলে সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানিয়েছেন।
সকালে জামায়াত শিবিরের কর্মীরা জেলার পাবনা-ঢাকা মহাসড়কের বাস টার্মিনাল এলাকা, পু®পপাড়া, জাফরা বাদ ও ঈশ্বরদীর লালন শাহ সেতুর কাছে পিকেটিং এবং ঝটিকা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সারাদিন ভারি যানবাহন চলাচল বন্ধ থকলেও হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
বগুড়া
বগুড়ায় হরতাল চলাকালে পুলিশের গাড়িসহ ৪টি যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। মহাসড়কের কিছু ট্রাক চলাচল করতে দেখা গেলেও আন্তজেলা বাস চলেনি। বিভিন্ন এলাকা থেকে ১২ জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক ছকির উদ্দিন জানান, সকাল ১০টায় শহরতলীর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে বগুড়া রংপুর মহাসড়কে একটি ট্রাকে জামায়াত-শিবির কর্মীরা আগুন লাগিয়ে দেয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানায়, সকাল সাড়ে ৭টায় ঢাকা- বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়ীদহ এলাকায় হরতালকারীদের হামলায় পুলিশের গাড়িসহ একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৮টায় শেরুয়া বটতলা এলাকায় তারা আরও দুটি ট্রাক ভাংচুর করে। এখানে একজন গ্রেপ্তার করা হয়েছে।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল আলম জানান, পিকেটিংয়ের সময় ফুলতোলা এলাকা থেকে দুজন, গোহাইল এলাকার কাবাষট্টি থেকে চারজনকে আটক করা হয়েছে।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, বগুড়া-রংপুর মহাসড়কের চকপাড়া থেকে একজনকে আটক করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, দুপচাঁচিয়ায় সিও অফিস বাসস্ট্যান্ড থেকে একজনকে আটক করা হয়েছে।
বরিশাল
ভোরে নগরীর বিভিন্ন স্থানে টায়ারে অগ্নি সংযোগ করেছে জামায়াত-শিবিরের পিকেটাররা।
কোতয়ালী মডেল থানার এসআই গোলাম কবির পুলিশের উপর হামলার অভিযোগে জামায়াত-শিবিরের ৭ কর্মী আটক করা হয়েছে।
কক্সবাজার
কক্সবাজারে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জামায়াত-শিবিরের পাঁচ জনকে আটক করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, শহরে একজন এবং ঈদগাঁওয়ে চার জনকে আটক করা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে শিবির কর্মীরা কোটবাজার এলাকায় ৩টি মিনিবাস ভাংচুর করে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তবে এ ঘটনা সঠিক নয় বলে উখিয়া থানার ওসি আপেলা রাজু নাহা জানান।
কুড়িগ্রাম
উলিপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, হরতালের সমর্থনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে জামায়াতের ৩ জনকে আটক করা হয়।
সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের পাটেশ্বরী এলাকায় শিবির কর্মীরা গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।
কুড়িগ্রাম সদর থানার ওসি ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে দূরপাল্লার বাস ট্রাক চলাচল করেনি। তবে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান খোলা থাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, সকালে পিকেটিংয়ের চেষ্টা করার সময় দুই জামাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাগেরহাট
বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের মেগনিশতলা এলাকায় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় ঢাকা ও চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা দুটি বাস ভাংচুর করে তারা। ঘটনাস্থল থেকে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজবাড়ী
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভোরে রাজবাড়ীতে জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার এসআই ওয়াদুদ আলম এবং গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. শাহীন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নীলফামারী
জলঢাকা থানার ওসি তাপস কুমার পণ্ডিত জানান, সকাল সাড়ে ১০টার দিকে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বন্ধের চেষ্টা করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হবিগঞ্জ
হবিগঞ্জে হরতালের নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জেলা জামায়াতের আমির মাওলানা মুখলেসুর রহমানসহ (৫৪) জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকার বাসা থেকে মুখলেসুরকে আটক করা হয়। অন্যদের শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় বলে জানায় পুলিশ।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন