যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে সাভারে আগুন দিয়ে একটি বাস পুড়িয়ে দিয়েছে হরতালকারীরা।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের একটি পয়েন্টে কয়েকটি গাড়ি ভাংচুর ও টায়ারে আগুন জ্বালিয়ে দেয় হরতালকারীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাড়সকের সাভারের শিমুলতলা এলাকায় মিছিল করে যাওয়ার সময় সড়কের পাশে অপেক্ষমান একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সড়কের পার্শে থাকা বিশ্বাস এন্টারপ্রাইজের খালি বাসটিতে জামায়াত-শিবিরের লোকেরা আগুন ধরিয়ে দিয়েছে।
“সাভার দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে বাসটির ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।”
এ ঘটনায় দোসাইদ স্কুল এন্ড কলেজের এক ছাত্রকে শিবিরের কর্মী সন্দেহে আটক করা হয়। এছাড়া রাতে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে জামায়াত কর্মী আবুল কালামকে (৩০) আটক করা হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নয়ারহাটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত সমর্থকরা।
এসময় তারা ৫/৬টি যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করেছে তারা। সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
বাসে আগুন দেয়ার ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন