
সারাদেশে হরতালের ঘোষণা দেয়ার পর রাজধানীতে সোমবারের সমাবেশ কর্মসূচি থেকে সরে এসেছে জামায়াতে ইসলামী।
তবে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার ও তাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ডাকা মঙ্গলবারের হরতালের সমর্থনে নেতাকর্মীরা মিছিল করবে বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আবদুল্লাহ মো. তাহের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ আমাদের দাঁড়াতে দিচ্ছে না। এ অবস্থায় বিকাল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে আমাদের পূর্ব ঘোষিত সমাবেশ কর্মসূচি হচ্ছে না।”
“তবে হরতালের সমর্থনে আমাদের নেতাকর্মীরা মিছিল করবে”, বলেন এই জামায়াত নেতা।
রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে প্রেসক্লাব, পল্টন ও মতিঝিল এলাকায় সকাল থেকেই ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ। রায়ট কার ও জলকামানও প্রস্তুত রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
মহানগর পুলিশের পক্ষ থেকে রোববারই জানানো হয়, ‘নিরাপত্তাজনিত’ কারণে জামায়াতকে কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও রোববার সাংবাদিকদের বলেন, সরকার ‘বেআইনিভাবে’ কাউকে সমাবেশ করতে দেবে না।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান বলেন, যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত।
যুদ্ধাপারধের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত ও শিবির কর্মীরা। এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন