চার দিন আগে বিয়ে হওয়া এক তরুণীর লাশ উদ্ধার করেছে মুন্সীগঞ্জ পুলিশ।

সোমবার সকালে সদর উপজেলার নৈপুকুরপাড় এলাকার একটি বিল থেকে আন্না আক্তারের (১৮) লাশ উদ্ধার করা হয়। তিনি একই উপজেলার খাসি পুকুরপাড় গ্রামের আমজাত আলীর মেয়ে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল বাশার বলেন, পরিবারকে না জানিয়ে গত বৃহস্পতিবার খালাতো ভাই মোক্তার হোসেন ও আন্না বিয়ে করে। বিয়ের কথা জানাজানি হলে আন্নার পরিবার মেনে নিলেও মোক্তারের পরিবার তা মেনে নেয়নি।
শনিবার মোক্তার স্ত্রী আন্নাকে রঘুরামপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যান।
সোমবার সকাল ১০টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে নৈপুকুরপাড়ের ওই বিল থেকে পুলিশ আন্নার লাশ উদ্ধার করে বলে জানান ওসি আবুল বাশার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শ্বশুরবাড়ির লোকজন আন্নাকে নির্যাতন করে হত্যার পর লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছে বলে আমরা ধারণা করছি।”
এ ঘটনায় মোক্তারের মা কোহিনূর বেগমকে (৩৮) আটক করা হয়েছে। এছাড়া মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন