নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সকালে শেষ করেছে বিএনপি। দুপুর ২টায় জনসভার কার্যক্রম শুরু হবে।
এই জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেয়ার কথা রয়েছে।
বুধবার সকালে মহানগর আহবায়ক ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “জনসভার সব প্রস্তুতি আমরা শেষ করেছি। এখন আমরা জনসভার প্রধান অতিথি খালেদা জিয়ার আগমনের প্রতীক্ষায় আছি।”
বুধবার সকাল ৮টা থেকে জনসভাস্থলে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ছোট ছোট মিছিল আসতে শুরু করেছে। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত সড়কের সব যানচলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
সভাস্থলে নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা দেয়ার জন্য সকাল সোয়া ১০টা থেকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল-জাসাসের শিল্পীরা দলীয় ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছে।
নির্দলীয় সরকারের দাবিতে ঢাকা মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে এই জনসভায় বিকালে প্রধান অতিথি হিসেবে জোট নেত্রী খালেদা জিয়া বক্তব্য দেবেন।
নয়া পল্টন সড়কের এক পাশে ৬০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট চওড়া মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চের ব্যানারে জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমান প্রতিকৃতির পাশে নির্দলীয় সরকারের দাবি ও সরকারের ব্যর্থতার কথা উল্লেখ রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের বেঁধে দেয়া নির্ধারিত সীমানা ফকিরেরপুল ক্রসিং থেকে বিজয়নগরের নাইটেঙ্গল মোড় পর্যন্ত সড়কের লাইটপোস্টগুলোতে আড়াইশ’ মাইক লাগানো হয়েছে।
খালেদা জিয়ার বক্তব্য দেখার জন্য ফকিরেরপুল ও নাইটেঙ্গল মোড়ে কয়েকটি বড় পর্দার টিভি স্থাপন করা হয়েছে।
জনসভা উপলক্ষে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের তিনশ’ নেতা-কর্মী নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক টিম মঞ্চের চারপাশে এবং পাশের ভবনগুলোতে অবস্থান নিয়েছেন।
দলীয় নিরাপত্তার বাইরে মঞ্চের চারপাশে দুই স্তরের পুলিশ বেষ্টনির পাশাপাশি পুরো নয়া পল্টন সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ভবনের ছাদে বসানো হয়েছে পুলিশি পাহারা।
মঞ্চের চারপাশে আধা কিলোমিটার এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
মঞ্চের পশ্চিম ও পূর্বদিকে দলের কেন্দ্রীয় নেতাদের জন্য আলাদাভাবে আসন সংরক্ষিত রাখা হয়েছে। দলের সরবারহকৃত কার্ড দেখিয়ে নেতারা নির্ধারিত এলাকায় ঢুকছেন।
জনসভা উপলক্ষে ফকিরেরপুল থেকে কাকরাইল পর্যন্ত ডিজিটাল ব্যানারে ছেঁয়ে গেছে। জিয়াউর রহমান, খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানের বড় প্রতিকৃতি দিয়ে বিএনপির নেতারা নিজেদের ছবি সম্বলিত পোস্টার লাগিয়েছে। বণিল ব্যানার-ফেস্টুন, পতাকা দিয়ে পুরো এলাকা সাজানো হয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলার নেতাদের পোস্টারে পুরো জনসভাটি নির্বাচনী প্রচারে রূপ নিয়েছে।
ইন্টারনেটে সরাসরি সম্প্রচার
আগের মতো খালেদা জিয়ার এই সভাও ইন্টারনেটে দেখা যাবে বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
তিনি বলেন, “জনসভার পুরো কার্যক্রম ইন্টারনেটে (www.bnplive.com) সরাসরি সম্প্রচার করা হবে। দুপুর ২টা থেকে এই সম্প্রচার কার্যক্রম শুরু হবে।’’


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন