দুয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে; চলবে বিকেল চারটা পর্যন্ত। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি।
এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে শহিদুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমানুর রহমান খান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দিঘলকান্দি ও দিগর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এর আগে তিনি রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান মুকুল একাডেমি উচ্চবিদ্যালয়ে ভোট দেন। তিনি সাংবাদিকদের বলেন, রতনপুরে শহিদুল ইসলামের কেন্দ্রে তাঁর এজেন্টকে মারধর করা হয়েছে।
উপনির্বাচন উপলক্ষে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মড পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৭ জন করে সদস্য আছেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন চলাকালীন বিভিন্ন অনিয়ম মোকাবিলায় ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। টাঙ্গাইল-৩ নির্বাচনী এলাকার আওয়ামী লীগদলীয় সাংসদ মতিউর রহমান এ বছরের ১৩ সেপ্টেম্বর ভারতের একটি হাসপাতালে মারা যান। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়।
আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে শূন্য এ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আজ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে গত ৮ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসনের অধীনে ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে। এ আসনের মোট ভোটার দুই লাখ ৭১ হাজার ৩২৯। এর মধ্যে পুরুষ ও নারী ভোটার যথাক্রমে এক লাখ ৩১ হাজার ৭৮৬ এবং এক লাখ ৩৯ হাজার ৫৪৩। এ আসনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬টি এবং মোট ভোটকক্ষের সংখ্যা ৮৮৫টি।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন