সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে পুড়ে শতাধিক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় সরকারের ব্যর্থতা আছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, সঙ্গে আরও অনেকের ব্যর্থতা আছে। ভবিষ্যতে এ ধরনের ব্যর্থতার ঘটনা যেন আর না ঘটে সে জন্য তদন্ত করে কারা দায়ী, তাদের চিহ্নিত করার দাবি জানান তিনি।
আজ রোববার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে পোশাকশ্রমিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল হোসেন এ কথা বলেন।
কামাল হোসেন বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে আইন আছে। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না হওয়াতেই এ ধরনের ঘটনা ঘটছে। এ জন্য সরকার, মালিকপক্ষ, শ্রমিক, এমনকি তিনি নিজেও দায়ী বলে মন্তব্য করেন। তিনি বলেন, আইনের বিধানগুলো নোটিশ বোর্ডে টাঙানো আছে। শুধু টাঙালে হবে না, যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, তা-ও দেখতে হবে।
শ্রম আইন কার্যকরভাবে পালন করা হচ্ছে কি না, তা তদারকি করার আহ্বান জানান কামাল হোসেন। আর কার্যকরভাবে কেন পালন করা হচ্ছে না, তারও তদন্ত দাবি করেন তিনি। সচেতনতা বাড়িয়ে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবার প্রতি তিনি আহ্বান জানান।
মতবিনিময়ের শুরুতে আগুনে নিহত পোশাককর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন