
মিরপুর টেস্টে ৭৭ রানের হার। খুলনায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে আজ রোববার ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশকে হারাতে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র ২৭ রান। সহজ এই লক্ষ্যে কোনো উইকেট না হারিয়েই পৌঁছে যায় ক্যারিবীয় দল। দলের জয় নিশ্চিত করে ক্রিস গেইল ২০ ও কাইরন পাওয়েল ৯ রানে অপরাজিত ছিলেন। এর আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৮৭ রানে।
গতকাল টেস্টের চতুর্থ দিনের খেলার পরই স্পষ্ট হয়, খুলনায় হারতে চলেছে বাংলাদেশ। প্রশ্ন ছিল, বাংলাদেশ ইনিংস হার এড়াতে পারে কি না। সেই চ্যালেঞ্জে উতরে যায় মুশফিকুর রহিমের দল। ইনিংস হার এড়াতে আজ বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৫ রান। নাসির হোসেনের ব্যাটিং নৈপুণ্যে বেশ সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
গতকাল সাকিব আল হাসান যে আক্ষেপে পুড়েছিলেন, আজ সেই একই আক্ষেপে পুড়লেন নাসির হোসেন। সাকিব মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি, নাসির পেলেন না ৬ রানের জন্য। বাংলাদেশের ইনিংস হার এড়ানো নিশ্চিত করে ব্যক্তিগত ৯৪ রানে টিনো বেস্টের বলে বোল্ড হন নাসির।
৬ উইকেটে ২২৬ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই মাহমুদউল্লাহর উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শিকারি ভিরাসামি পেরমল। বাংলাদেশের বাকি ৩টি উইকেট শিকার করেন টিনো বেস্ট।
প্রথম ইনিংসে বাংলাদেশের গড়া ৩৮৭ রানের জবাবে ৯ উইকেটে ৬৪৮ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের হিসাবে ক্যারিবীয়রা এগিয়ে থাকে ২৬১ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল প্রথম ওভারের তৃতীয় বলেই নাজিমউদ্দিনের (০) উইকেট হারায় বাংলাদেশ। একপর্যায়ে ৮২ রানে পাঁচটি উইকেটের পতন ঘটে। খেলা পঞ্চম দিনে গড়াবে কি না, এ নিয়ে সংশয় জেগেছিল। তবে সেই সংশয় কাটে সাকিব আল হাসান ও নাসির হোসেনের ১৪৪ রানের জুটিতে। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন সাকিব।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮৭/১০
হাসান ১১৩, মাহমুদউল্লাহ ৭৬
এডওয়ার্ডস ৬/৯০
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৬৪৮/৯, ঘোষণা
স্যামুয়েলস ২৬০, চন্দরপল ১৫০*, ব্রাভো ১২৭
সাকিব ৪/১৫১, সোহাগ ৩/১৬৭
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৮৭
সাকিব ৯৭, নাসির ৯৪
বেস্ট ৬/৪০
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৩০/০
গেইল ২০*, পাওয়েল ৯*
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী।
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-০-তে জয়ী।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন