দুই মাসের মধ্যে তৃতীয়বার স্ট্রোক করার পর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ।
তার পারিবারিক বন্ধু আমিনুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এই অধ্যাপকের মস্তিষ্কে বৃহস্পতিবার সকালে তৃতীয় দফা স্ট্রোক হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুরশিদকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে রানা জানান।
৮৮ বছর বয়সী এই শিক্ষাবিদ পর পর দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়ে গত অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। সে সময়ও তার মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ হয়।
পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে চাওয়া হলেও সেখানকার চিকিৎসকরা কোনো আশা দিতে না পারায় তাকে ঢাকাতেই রাখা হয়।
নিজেই শ্বাস নিতে পারায় চিকিৎসকরা মাঝখানে কিছুদিনের জন্য তার লাইফসাপোর্ট খুলে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন তার ছেলে কে এ এস মুরশিদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন কবি শামসুর রাহমান, আব্দুল মান্নান সৈয়দ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ।
খান সারওয়ার ২০১০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। মুজিব নগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্যও ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। বর্তমানে এর ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি।
খান সারওয়ার মুরশিদের স্ত্রী নূরজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন