নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া কাজী রেজওয়ানুল আহসান নাফিসকে কূটনৈতিক সহায়তা দেওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, তাঁকে সহায়তার প্রস্তাব দেওয়ার পরও নাফিস তা প্রত্যাখ্যান করেছেন।
আজ শনিবার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড্যান ডব্লিউ মজীনা এ কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্রের দাতব্য সেবা সংস্থা ‘স্মাইল ইউএসএ’ পরিচালিত সপ্তাহব্যাপী বিনা মূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্পসহ সিআরপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে এখানে আসেন।
মার্কিন এই রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা মনে করি। এ জন্য সব রাজনৈতিক দলকে সংলাপে বসা প্রয়োজন। মতের ভিন্নতা থাকতে পারে; কিন্তু সংলাপের মাধ্যমে সব সমাধান করতে হবে, সংঘাতের মাধ্যমে নয়। আমরা সংঘাতে বিশ্বাস করি না।’
এর আগে সিআরপিতে আয়োজিত এক আলোচনা সভায় ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘আমি এখানে এসে ভবিষ্যত্ প্রজন্মকে সম্ভাবনাময় দেখতে পেলাম, যারা আগামী দিনে সোনার বাংলা গড়বে।’

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন