শিবসেনা-প্রধান বাল ঠাকরে আজ শনিবার বিকেলে হূদরোগে আক্রান্ত হয়ে
ভারতের মুম্বাইয়ে মারা গেছেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নিজ বাসভবন ‘মাতশ্রী’তে তিনি মারা যান। তাঁর
বয়স হয়েছিল ৮৬ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার। বাল ঠাকরের চিকিত্সক জলিল পার্কার সংবাদমাধ্যমকর্মীদের বলেন, ‘সর্্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচাতে পারিনি।’ বেলা সাড়ে তিনটার দিকে বাল ঠাকরে মারা যান বলে তিনি জানান। ঠাকরে অনেক দিন ধরে শ্বাসজনিত ও গ্রন্থির জটিলতায় ভুগছিলেন। তাঁর দুই ছেলে—জয়দেব ও উদ্ধব ঠাকরে।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী মনমোহন সিং বাল ঠাকরের মৃত্যুতে শোক জানিয়েছেন।
এদিকে বাল ঠাকরের মৃত্যুর খবর শোনার পর শিবসেনা, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মাতশ্রীতে ছুটে যান। ‘বাল ঠাকরে অমর রাহে’ বলে স্লোগান দিয়ে শিবসেনার কর্মীরা মিছিল নিয়ে মাতশ্রীর ভেতরে ঢোকার চেষ্টা করেন। তবে পুলিশ তাঁদের আটকে দেয়। প্রিয় নেতার মৃত্যুর খবরে শিবসেনার কর্মীরা কান্নায় ভেঙে পড়েন। মাতশ্রীর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বাল ঠাকরের ছেলে ও শিবসেনার নির্বাহী সভাপতি উদ্ধভ ঠাকরে বাবার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছিলেন। তিনি শিবসেনার কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতও জনগণকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে বাল ঠাকরে চিকিত্সাধীন ছিলেন। গত বুধবার রাতে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে পরে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন