
উইকেটে টিকে থেকে কীভাবে ইনিংস গড়তে হয় তা ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের কাছ থেকে শিখতে দলের ব্যাটসম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যর্থ হলে চন্দরপল কিন্তু তাদের ইনিংস ধরে রাখেন। তিনি যেভাবে ইনিংস গঠন করেন তা থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি।”
“কয়েকবার নব্বইয়ের ঘরে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা আউট হলেও আমি মনে করি সব সময় নিজের স্বাভাবিক খেলাটাই খেলে যাওয়া উচিৎ। তবে দলের অবস্থানের ওপর নির্ভর করেও পরিকল্পনা করা উচিৎ”, যোগ করেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে দুটো টেস্টেই শতক করেন চন্দরপল।
প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই খুলনা টেস্ট হারতে হয়েছে বলে মনে করেন মুশফিক।
“প্রথম ইনিংসে ভালো করার অনেক সুযোগ আমরা পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। এ কারণে শুরুতেই আমাদের পিছিয়ে পড়তে হয়েছে। এ ধরনের উইকেটে সুযোগ হাতছাড়া করলে পরে আর কিছু করার থাকে না।”
“আমাদের অধিকাংশ ব্যাটসম্যানই আউট হয়েছেন বাজে শট খেলে। এ নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে” যোগ করেন তিনি।
আগের দিন শেষ ওভারে সাকিব আল হাসানের আউট বাংলাদেশকে বেকায়দায় ফেলে। তিনি উইকেটে থাকলে অন্তত এক-দেড়শ রানের লিড নেয়া যেত বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক।
“সাকিব থাকলে অন্তত এক-দেড়শ রানের লিড নেয়া যেত। সাকিব-নাসির যখন ব্যাট করছিলেন তখন উইকেটে তেমন কিছু আছে বলে মনে হয় নি।”
“আজ (রোববার) সকালে যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চেয়েছিলাম আমরা। কিন্তু দ্রুত উইকেট পড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি,” যোগ করেন মুশফিক।
টেস্টে রান করার ধারাবাহিকতা ওয়ানডেতে ধরে রাখতে চান মুশফিক। ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। মার্চের এশিয়া কাপের পর বাংলাদেশ এ সিরিজেই প্রথম এক দিনের ম্যাচ খেলবে।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন