আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার জানান, পার্থে সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের পর অবসর নেবেন তিনি।
প্রথম দুটি টেস্টে ব্যাট হাতে ভালো না করতে পারায় তার অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিল। অ্যাডিলেটে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৪ ও ১৬ করার পর পন্টিং ধারণা দিয়েছিলেন যে, অবসরে দিন ঘনিয়ে এসেছে।
স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে সেরা ব্যাটসম্যান ধরা হয় এই তাসমানিয়ানকে।
পার্থে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৬৮টি টেস্ট ম্যাচ খেলে স্টিভ ওয়াহের রেকর্ডে ভাগ বসাবেন পন্টিং। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটিও তার। টেস্টে ১৩ হাজার ৩৩৬ রান করেছেন পন্টিং যেখানে তার আগে রয়েছে কেবল ভারতের সচীন টেন্ডুলকার।
পন্টিংকে সম্মান জানাতে অস্ট্রেলিয়ার পুরো দলই হাজির হয়েছিল সংবাদ সম্মেলনে।
অনেক চিন্তা-ভাবনা করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে পন্টিং বলেন, “আমি ব্যাটিংয়ে ভালো করার ধারবাহিকতা বজায় রাখতে চেয়েছি। কিন্তু গত ১২ বা ১৮ মাস ধরে আমি তা করতে পারিনি। এজন্য মনে করি এ সিদ্ধান্ত নেয়ার এটাই সঠিক সময়।”
“আমি জানি আমি ক্রিকেটকে সব দিয়ে দিয়েছি। এটা ২০ বছর ধরে ছিল আমার জীবন। ক্রিকেটকে আমার এর চেয়ে বেশি কিছু দেয়ার নেই”, যোগ করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনই ব্যাট তুলে রাখছেন না পন্টিং। তিনি তাসমানিয়ার হয়ে ঘরোয়া ম্যাচ খেলে যাবেন বলে জানিয়েছেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন