ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নৈহাটী গ্রামে মিশন রাজা (২৬) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি নৈহাটী গ্রামের মৃত ওয়াজ্জেদ আলী খানের ছেলে।
নলডাঙ্গা ইউনিয়নের কাউন্সিলর মিল্টন বাংলানিউজকে জানান, যশোর থানা পুলিশ স্বজনদের মিশন রাজা স্ট্রোকে মারা যাওয়ার খবর দেয়। কিন্তু সোমবার রাতে লাশ গ্রামে আনার পর দেখা গেছে শরীরে গুলির চিহ্ন আছে এবং লাশটি ময়না তদন্ত করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশের তথ্য মোতাবেক, মিশন রাজার লাশ পাওয়া গেছে যশোর শহরের চাচড়া এলাকায়। যশোর পুলিশ তাদের জানায়, রাজা হার্ট স্ট্রোকে মারা গেছেন। লাশটি কফিনে ভরে সোমবার রাত ৮টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত ১০টার দিকে লাশ গ্রামে এনে কফিন খুলে দেখা গেছে, লাশটির ময়না তদন্ত করা এবং গায়ে গুলির চিহ্ন।
তবে স্থানীয় অনেকের ধারণা, বেপরোয়া প্রকৃতির হওয়ায় মিশনকে পুলিশ কৌশলে হত্যা করে থাকতে পারে।
এ ব্যাপারে অবশ্য, যশোর পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এক গ্রামবাসী জানান, মিশন রাজা সন্ত্রাসী প্রকৃতির লোক। কয়েক বছর আগে আপন চাচাতো ভাইকে খুন করে তিনি পালিয়ে যান। তাকে ভাড়াটিয়া খুনি বলেও জানে লোকে।
এ ব্যাপারে ঝিনাইদহ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে তিনি নলডাঙ্গা পুলিশ ক্যাম্পকে খোঁজ নিতে বলবেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন