ময়মনসিংহে বাংলাদেশ মেডিক্যাল আ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক চিকিৎসকরা। শরীয়তপুরের নির্বাচনে এসেছে কারচুপি ও অনিয়মের অভিযোগ।
বৃহস্পতিবার সকালে সারা দেশে চিকিৎসকদের পেশাগত সংগঠন বিএমএ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
বিরোধী দল সমর্থক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আজিজ-জাহিদ পরিষদের সমর্থক ডা. আকরাম এলাহী বলেন, “শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আব্দুল ওহাব হাওলাদার স্যার ৪৩টি ভোটের মধ্যে ৪০টি ভোট স্বাধীনতা চিকিৎসক পরিষদের মাহমুদ হাসান-ইকবাল আর্সলান পরিষদে দেয়ার প্রস্তাব দেন।”
“এ প্রস্তাবে আমরা রাজি না হলে তিনি আমাদের চলে যেতে বলেন। নির্বাচনের পরিবেশ না থাকায় পরে আমরা ভোট কেন্দ্র থেকে চলে আসি।”
তবে অভিযোগ অস্বীকার করে শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আব্দুল ওহাব হাওলাদার বলেন, “আঞ্চলিক প্রার্থীর ব্যাপারে সকালে সমঝোতার কথা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় প্রার্থীর ব্যাপারে কোনো কথা হয়নি।”
শরীয়তপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. মনির আহম্মদ খান বলেন, “নির্বাচন সুষ্ঠ হয়েছে। এক পক্ষের এজেন্ট কেন্দ্রে আছে। অপর পক্ষের এজেন্ট বাইরে গেছেন।”
এদিকে, ময়মনসিংহ ড্যাবের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ডা. মো আলী সিদ্দিকী দুপুরে সাংবাদিকদের জানান, তারা নির্বাচন বয়কট করে চলে যাচ্ছেন।
ড্যাব সমর্থকরা ময়মনসিংহ মেডিকেল ক্যাম্পাস ত্যাগ করার সময় সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের কর্মীরা তাদের ধাওয়া করে এবং ড্যাবের ক্যাম্প ভাঙচুর করে।
কতোয়ালী থানার ওসি ফজলুল করিম জানান, চিকিৎসকদের দুপক্ষের মধ্যে দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন