ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।
ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীক সমাধানের এটাই ‘সর্বশেষ সুযোগ’ বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
গাজায় যাতায়াতের ওপর বাধা-নিষেধ তুলে নেয়া এবং ওই এলাকায় অস্ত্র পাচার বন্ধ করতে পারলে ‘কিছু ভাল ফলাফল’ পাওয়া যেতে পারে বলে মত দিয়েছেন তিনি।
এ মাসে ৮ দিনের ইসরায়েল-গাজা সংঘর্ষে গাজায় কমপক্ষে ১৫৮ জন এবং ইসরায়েলে ছয় জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এদিকে মনোনিবেশ করেছেন।
আর ঠিক এ সময়টিই বেশি করে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ওপর জোর দেয়ার সময় বলে মন্তব্য করেছেন উইলিয়াম হেগ।
তিনি বলেন, “ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে সম্ভবত এটাই আমাদের মোক্ষম সুযোগ”।
বিবিসি টেলিভিশনের ‘অ্যান্ড্রু মার’ অনুষ্ঠানে হেগ আরো বলেন, “আমি এ কাজে নামারই আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে নির্বাচনপরবর্তী এ সময়ে ইসরায়েল-গাজা সঙ্কট সমাধানে আগামী দিনগুলোতে প্রয়োজনীয় নেতৃত্ব দেখিয়ে দেয়ার আহ্বান জানাই।”
“কারণ, যুক্তরাষ্ট্র ‘ইসরায়েলকে প্রভাবিত করার ক্ষমতা রাখে”, বলেন তিনি।
ওদিকে. ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবারো জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতির পাওয়ার আহ্বান জানাতে চলেছেন বলে জানিয়েছে বিবিসি।
কিন্তু এ দাবি ১৯৯৩ সালের অসলো চুক্তির বিরোধী অভিযোগ করে এর বিরোধিতা করে আসছে ইসরায়েল।
সে বছর ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ইসরায়েল সরকার ও ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের মধ্যে প্রথম মুখোমুখি চুক্তি হয়েছিল।
এবার ইসরায়েল-গাজা সংঘর্ষের পর ফের জাতিসংঘে যাচ্ছেন আব্বাস। তার উপদেষ্টা সাবরি সাঈদমান বলেছেন, গাজা যুদ্ধের পর আব্বাস নিশ্চিতভাবেই এ ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সংকল্পবদ্ধ।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন