চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ভেঙে প্রাণহানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার সকালে নগরীর বহদ্দারহাট ও মুরাদপুরের মাঝামাঝি সড়কে কালো পতাকা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে চট্টগ্রাম নগর বিএনপি। এতে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
শনিবার বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে তিনটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে। এ ঘটনায় সোমবার পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে নগর বিএনপি দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে বহদ্দারহাট মোড়ে মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা ফ্লাইওভারের অদূরে গিয়ে মানববন্ধন করে।
কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলেন, “আমরা অতীতে বহু তদন্ত কমিটি দেখেছি। যারা ঘটনার জন্য প্রকৃত দায়ী তারা সবসময় পার পেয়ে যান।”
এ সরকারের অধীনে কোন তদন্তে আস্থা নেই জানিয়ে তিনি বলেন, সরকারের যে দলীয়করণ ও দুর্নীতি, তারই ফল এ ফ্লাইওভারের দুর্ঘটনা।
এ ঘটনায় প্রকৃত দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান আমীর খসরু।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন