প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে বুধবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রথম দিন সকাল ১১টায় গণিত বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে পঞ্চম শ্রেণী পড়–য়াদের এই সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে, যা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
মন্ত্রী জানান, এ বছর প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৪১ হাজার ৭৬ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ২৮ হাজার ৩২৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে।
গত বছর এ পরীক্ষায় মোট ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এই হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা এবার তিন লাখ ১৭ হাজার ৭১৭ জন বেড়েছে।
এবার ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৪৩৫ জন বেশি।
প্রাথমিক সমাপনীতে ১২ লাখ ৭ হাজার ৪৫২ জন ছাত্র এবং ১৪ লাখ ৩৩ হাজার ৬১৫ জন ছাত্রী পরীক্ষা দেবে। এর মধ্যে ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থী রয়েছে ৩ হাজার ৮২৬ জন।
আর ইবতেদায়ীতে এক লাখ ৫৬ হাজার ৫২৭ জন ছাত্র এবং এক লাখ ৭১ হাজার ৭৯৯ জন ছাত্রী সমাপনী পরীক্ষা দেবে এবার।
সারাদেশে ছয় হাজার ৩৭২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে একশ কেন্দ্রকে বলা হচ্ছে দুর্গম।
এছাড়া দেশের বাইরে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, কাতার, আবুধাবি, ত্রিপলি ও ওমান কেন্দ্রে এবার ৭১৮ জন এ পরীক্ষা দেবে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে।
এবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এক উপজেলা/থানার উত্তরপত্র অন্য উপজেলা/থানায় মূল্যায়ন করা হবে।
অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহের হোসেন, সচিব এম এম নিয়াজ উদ্দিন, অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রাথমিক সমাপনীর সময়সূচি
২১ নভেম্বর গণিত, ২২ নভেম্বর বাংলা, ২৬ নভেম্বর ইংরেজি, ২৭ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ, ২৮ নভেম্বর পরিবেশ পরিচিতি বিজ্ঞান এবং ২৯ নভেম্বর ধর্ম।
ইবতেদায়ী সমাপনী সময়সূচি
২১ নভেম্বর গণিত, ২২ নভেম্বর বাংলা, ২৬ নভেম্বর ইংরেজি, ২৭ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৮ নভেম্বর আরবি, ২৯ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ বিষয়ের পরীক্ষা হবে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন