শিশু পরাগ মণ্ডল অপহরণের মূল হোতা আমির আলীকে গত রাতে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। এ বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংশ্লিষ্ট একটি সূত্র আমিরকে গ্রেফতারের কথা জানিয়েছে। তবে কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সূত্রটি তা জানায়নি। ধারণা করা হচ্ছে, ঢাকা বা কেরানীগঞ্জের কোনো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে পরাগ অপহরণের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হল। কেরানীগঞ্জ থেকে পরাগকে অপহরণ করা হয়েছিল আমিরের নেতৃত্বে। এখন তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অপহরণ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে মনে করা হচ্ছে।
মা, বোন ও গাড়িচালককে গুলি করে গত ১১ নভেম্বর পরাগকে স্কুলের যাওয়ার পথে অপহরণ করা হয়েছিল। এর তিনদিন পর পরাগকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরাগ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। সে সুস্থ হয়ে উঠেছে। আজ তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আজ আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমিরের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হতে পারে। আমিরের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় চারটি হত্যা ও পাঁচটি অস্ত্র আইনে মামলা রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী আশা করছে আমিরকে গ্রেফতারের মধ্য দিয়ে অপহরণের মূল রহস্য বেরিয়ে আসবে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন