গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞাপনের কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন।
একই সঙ্গে ওই বিজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেকশন কমিটির চেয়ারম্যানসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৩ নভেম্বর ‘ডেইলি স্টার’-এ এ-সংক্রান্ত একটি বিজ্ঞাপন ছাপা হয়। বিজ্ঞাপনটি গ্রামীণ ব্যাংকের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে ব্যাংকের পরিচালক তাহসীনা খাতুন রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও তানিম হোসাইন।
রিট আবেদনে বলা হয়, গ্রামীণ ব্যাংকের সংশোধিত আইনের ১৪ ধারায় বলা আছে, সিলেকশন কমিটি বোর্ডের কাছে তিনজনের প্যানেলের নাম সুপারিশ করবে। পরিচালনা পর্ষদ তাদের থেকে একজনকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে। কিন্তু বিজ্ঞাপনে বলা আছে, সিলেকশন কমিটি পরামর্শকের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক মনোনয়ন-প্রক্রিয়া সম্পন্ন করবে। পরামর্শকের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। এটি সংশ্লিষ্ট ধারার পরিপন্থী।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন