চট্টগ্রামের বহদ্দারহাটে উড়ালসড়ক (ফ্লাইওভার) ভেঙে পড়ার ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উদ্ধারকর্মীরা অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করেন। উড়ালসড়ক প্রকল্পের পরিচালকসহ তিনজন প্রকৌশলীকে আজ সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ উদ্ধার করা লাশ নিয়ে সরকারি হিসাবে এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ১২ জনে পৌঁছেছে। এর আগে গতকাল রোববার সকালে পুলিশের পক্ষ থেকে নিহত ব্যক্তির সংখ্যা ১৩ জন বলে জানানো হয়েছিল। কিছু লাশ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ায় সংখ্যার গরমিল হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
এ প্রসঙ্গে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বলেন, ‘আজ (সোমবার) আরও এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। কিছু লাশ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ায় অনেককে দুবার গণনা করা হয়েছে। তাই নিহতের সংখ্যার তারতম্য হয়েছে। সরকারিভাবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২ জন।’
এদিকে উড়ালসড়ক ধসের প্রায় দুদিন পর টনক নড়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। বহদ্দারহাট উড়ালসড়ক (ফ্লাইওভার) প্রকল্পের পরিচালকসহ তিনজন প্রকৌশলীকে আজ সাময়িক বরখাস্ত করেছে সিডিএ। পাশাপাশি সিডিএর প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সিডিএর সচিব তাহেরা ফেরদৌস তিনজনকে বরখাস্ত ও কমিটি গঠনের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
যাঁদের বরখাস্ত করা হয়েছে তাঁরা হলেন—প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী তানজিব হোসেন ও উপসহকারী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ চৌধুরী।
শনিবার রাতে দুর্ঘটনার পর সোমবার দুপুর ১২টা পর্যন্ত সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বা সিডিএর কোনো কর্মকর্তা দুর্ঘটনাস্থলে যাননি। দুর্ঘটনার পর পর ক্ষুব্ধ জনতা আবদুচ ছালামকে গ্রেপ্তার ও তাঁর শাস্তি দাবি করে ভাঙচুর চালায়।
এ ছাড়া নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের কাছে সিডিএর চেয়ারম্যানের শাস্তি দাবি করেন।
পূর্ত মন্ত্রণালয়ের কমিটি
বহদ্দারহাট উড়ালসড়ক ধসের ঘটনায় পূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। আজ সকালে পূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামসুন্দর শিকদারকে প্রধান করে এ কমিটি করা হয়েছে বলে সিডিএ সূত্রে জানা গেছে।
এর আগে গত রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ মামুন চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ নিয়ে তিনটি কমিটি গঠন করা হলো।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন