বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সাংসদদের সম্পর্কে তাদের প্রতিবেদনে মিথ্যাচার করেছে। এই প্রতিবেদন জাতিকে বিভ্রান্ত করেছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা বলেও তিনি মন্তব্য করেন। বাংলাদেশের জনগণের মঙ্গলের জন্য প্রতিবেদনটি পুনরায় সঠিকভাবে প্রকাশ করারও দাবি জানান তিনি।
ফারুক খান গতকাল রোববার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বঙ্গরত্ন কলেজে নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রী দাবি করেন, টিআইবি যে তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করেছে, তা বিশ্বে কোথাও গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে সংসদে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, এ বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে জাতিকে রাহুমুক্ত করা হবে।
পরে মন্ত্রী এসএসসি পরীক্ষায় ওই কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এ ছাড়া মন্ত্রী কলেজের কল্যাণ তহবিলে নগদ এক লাখ টাকা দান করেন।
এর আগে মন্ত্রী মুকসুদপুর উপজেলায় আরও বেশ কয়েকটি পথসভায় বক্তব্য দেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন