যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কাজী রেজওয়ানুল আহসান নাফিসকে বাংলাদেশি হিসেবে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে না। সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান রেমন্ড কেলি অভিবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেছেন। গতকাল শুক্রবার জামাইকা মুসলিম সেন্টারে তিনি আতঙ্কিত না হয়ে অপরাধ দমনে পুলিশ বিভাগকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন।
গত ১৭ অক্টোবর নাফিস গ্রেপ্তার হওয়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর অবসান ঘটাতেই নিউইয়র্ক নগরের পুলিশপ্রধান অভিবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। নাফিসের ঘটনায় বাংলাদেশিদের বিব্রত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশি যুবক নাফিসকে গোয়েন্দারা ফাঁদ পেতে সন্ত্রাসী ঘটনার জন্য উদ্বুদ্ধ করেছে কি না—এমন প্রশ্নের উত্তরে রেমন্ড কেলি বলেন, নাফিসের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। ফাঁদে ফেলার বিষয়টি প্রমাণিত হলে আদালত আইনি সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণেই নিউইয়র্কের পুলিশ কাজ করে থাকে। নাগরিক জীবনকে শান্তিময় ও আরও সুন্দর করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন