হল-মার্ক কেলেঙ্কারির জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করে প্রতিবেদন চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।
রাষ্ট্রায়াত্ত ব্যাংক খাতে আর্থিক অনিয়ম তদন্তে গঠিত এই কমিটির প্রধান তাজুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে এবং আগামী সভায় তা দাখিল করা হবে।
আগামী সপ্তাহে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক হবে।
আলোচিত এই অনিয়মের ঘটনা অনুসন্ধানে কী পাওয়া গেছে- জানতে চাইলে তিনি বলেন, “আমি আগেই বলেছি, তানভীর মাহমুদ নিয়ম ভেঙে অর্থ নেয়ার কথা স্বীকার করেছেন। আর এক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যাপক অনিয়ম রয়েছে।”
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে অনিয়মের মাধ্যমে হল-মার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকা তুলে নেয়ার অভিযোগ উঠলে তা তদন্তের সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। তদন্তের জন্য তাজুলকে প্রধান করে গত ৩ সেপ্টেম্বর উপকমিটি গঠন করা হয়।
হল-মার্ক কেলেঙ্কারি ফাঁস হলে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের দিকেও অভিযোগের আঙুল ওঠে। তবে সরকার মনোনীত পরিচালনা পর্ষদের সদস্যরা সেই অভিযোগ অস্বীকার করেন, যাদের মধ্যে আওয়ামী লীগ নেতাও রয়েছেন।
হল-মার্ক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর নামও ওঠে। সংসদীয় কমিটি শুরুতে ‘না’ বললেও পরে তাকেও জিজ্ঞাসাবাদ করে।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করে সংসদীয় কমিটি এবং তিনি অনিয়মের কথা স্বীকার করেন।
তাজুল নেতৃত্বাধীন এই কমিটি চারটি রাষ্ট্রায়াত্ত ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) ও বেসিক ব্যাংকের ১০ জন সর্বোচ্চ ঋণ গ্রহীতার লেনদেনসহ ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেছে।
তাজুল জানান, ঋণ দেয়ার প্রক্রিয়ায় কিছু গলদ খুঁজে পেয়েছেন তারা এবং তা কাটানোর জন্য কিছু সুপারিশও করেছেন।
তবে এই সুপারিশ বাস্তবায়নের কাজটি করতে হবে সরকারকে, বলেন সরকারি দলের এই সংসদ সদস্য।
এই কমিটির অন্য দুই সদস্য হলেন- এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজী।
হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুর রহমান দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এই কেলৈঙ্কারি তদন্তে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। ইতোমধ্যে মামলাও হয়েছে। ঋণ দেয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের প্রায় ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন