মিশরের গণতান্ত্রিক উত্তরণকে চূড়ান্ত প্রাতিষ্ঠানিক রূপ দিতে শুক্রবারের মধ্যেই একটি নতুন সংবিধান চূড়ান্ত করার আশা করছে দেশটির পার্লামেন্ট। এর মাধ্যমে দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্টের জারি করা নতুন ডিক্রি নিয়ে সৃষ্ট সঙ্কটের অবসান হবে বলেও আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মুরসি বলেন, “একনায়কত্বের কোনো সুযোগ নেই। সংবিধানে ওপর জনগণের ভোটের মাধ্যমেই সবকিছুর অবসান হবে।”
গত সপ্তাহে প্রেসিডেন্ট মোহামেদ মুরসি প্রভুত ক্ষমতা অধিগ্রহণ করে একটি ডিক্রি জারি করেন। নতুন পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত আদালতও প্রেসিডেন্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবে না বলে ডিক্রিতে বিধান রাখা হয়।
“বিশেষ পরিস্থিতি মোকাবেলায়” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুরসির পক্ষ থেকে জানানো হলেও হোসনি মুবারকের পতনের দুই বছরের মধ্যে নতুন একনায়ক তৈরি হচ্ছে শঙ্কায় বিরোধীদলগুলো এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
শুক্রবারের মধ্যেই খসড়া সংবিধান অনুমোদনের বিষয়টি শেষ করার আশা করছে পার্লামেন্ট। অনুমোদনের পর মধ্য ডিসেম্বরের মধ্যেই নতুন সংবিধানের ওপর গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন সংবিধানকে মুসলিম ব্রাদারহুডের সম্পত্তি অভিহিত করে এর অনুমোদনের জন্য তাড়াহুড়া করা হচ্ছে বলে অভিযোগ করেছে মুরসির সমালোচকেরা।
মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির প্রার্থী হিসেবেই মুরসি গত জুনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছিলেন।
ডিক্রি জারির পর থেকে অব্যাহত সরকারবিরোধী প্রতিবাদ, বিক্ষোভ ও সহিংসতায় এ পর্যন্ত দুই জন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হয়েছে। ডিক্রি জারিকে কেন্দ্র করে মিশরের ক্ষমতাসীন ইসলামপন্থী শাসক গোষ্ঠীর সঙ্গে বিরোধীদের রাজনৈতিক বিভক্তি আরো প্রকট হয়ে উঠেছে।
উত্তেজনাকর এই পরিস্থিতিতে আরো উত্তেজনা ছড়িয়ে আগামী শনিবার মুসলিম ব্রাদারহুড ও ইসলামপন্থী মিত্রদলগুলো মুরসির পক্ষে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে সমাবেশটি তাহরির স্কয়ারে করা হবে না বলে মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে জানানো হয়েছে।
তাহরির স্কয়ারে গত শুক্রবার থেকে টানা আটদিন ধরে প্রেসিডেন্ট মুরসির বিরোধীরা অবস্থান নিয়ে আছে।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিরোধীদের স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট মুরসি। তিনি বলেছেন, “মিশরে সত্যিকার বিরোধীদল থাকায় আমি খুব খুশি।”
সৃষ্ট সঙ্কটে মিশরীয়রা বিভক্ত হয়ে পড়বে না, এমন প্রত্যয় ব্যক্ত করে সরকারবিরোধী প্রতিবাদে সহিংসতার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন