নগরীর বহদ্দারহাট সংলগ্ন শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহদ্দার পুকুর পাড় এলাকায় সিডিএ’র নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে হতাহতের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক আব্দুল মান্নানের কাছে এ রিপোর্ট জমা দেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ মামুন চৌধুরী।
এসময় কমিটির বাকি চার সদস্যও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার জন্য এ তদন্ত কমিটি ঠিকাদার প্রতিষ্ঠাগুলোর দায়িত্বে অবহেলা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাকে দায়ী করা হয়েছে।
এছাড়া ফ্লাইওভারের নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও মত দিয়েছে কমিটি।
এছাড়া কমিটি ফ্লাইওভারের বাকি কাজ সম্পন্ন করতে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন সহ ১২ দফা সুপারিশ দিয়েছেন।
কমিটির প্রধান খালেদ মামুন চৌধুরী বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন দিয়েছি। প্রতিবেদনের দুর্ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন সহ ভবিষ্যত কাজ সম্পাদনের জন্য ১২ দফা সুপারিশ করেছি।’
এর আগে শুক্রবার সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় সিডিএ’র নির্মাণাধীন ফ্লাইওভারের নির্মাণ কাজের গুনগত মান পরীক্ষার জন্য গঠিত কারিগরী কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুক্রবার সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলি নুরুল হুদার নেতৃত্বে চারসদস্যের বিশেষজ্ঞ দল নগরীর বহদ্দারহাট সংলগ্ন শাহ আমানত সংযোগ সেতু সংলগ্ন বহদ্দারপুকুর পাড় এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় বিশেষজ্ঞরা নির্মাণাধীন ফ্লাইওভারের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন