দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশন বাংলাদেশের (এফবিসিসিআই) নব-নির্বাচিত সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ ও বিশিষ্ট শিল্পপতি আমিনুল হক শামীমকে শনিবার দুপুরে ময়মনসিংহে গণসংবর্ধনা দেওয়া হবে।
শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানে শনিবার দুপুর আড়াইটায় এ সংবর্ধনা দিবে ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতি, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ।
সূত্র জানায়, এ সংবর্ধনা অনুষ্ঠানে এ দু’জনের পাশাপাশি এফবিসিসিআইর নব-নির্বাচিত বেশ কয়েকজন পরিচালককেও সম্বর্ধিত করা হবে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া, জেলা পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়া, পৌর মেয়র ও চেম্বার সভাপতি মো. ইকরামুল হক টিটু।
এতে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জিলা পরিবহন মোটর মালিক সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন।
এ গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ময়মনসিংহের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। এ দুই কৃতিসন্তানকে বরণ করে নিতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে নির্মিত হয়েছে শতাধিক তোরণ। শোভা পাচ্ছে কাজী আকরাম ও আমিনুল হক শামীমের ছবি সম্বলিত অসংখ্য ব্যানার-ফেস্টুন।
এ সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু বাংলানিউজকে জানান, “ময়মনসিংহের ব্যবসায়ীদের মধ্যে অন্য রকম আমেজের সৃষ্টি হয়েছে। নব-নির্বাচিত এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের সহযোগিতায় ময়মনসিংহের কৃতি সন্তান আমিনুল হক শামীম ময়মনসিংহের ব্যবসায়ীদের সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।”


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন