দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,
দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিএনপিতে যোগ
দিয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল
ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।শনিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় রেন্ট্রিতলায় দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে যোগদান উপলক্ষে একটি জনসভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় সিরাজুল ইসলাম বলেন, “সুরঞ্জিত সেনগুপ্ত মুখে বড় বড় কথা বলেন। তিনি সৎ রাজনীতি করেন এমন দাবিও করেন। তার ফাঁকা বুলিতে দিরাই-শাল্লার সহজ-সরল জনগণ তাকে ভোট দিয়ে বার বার সংসদ সদস্য নিবার্চিত করেছে। তিনি (সুরঞ্জিত) দিরাই-শাল্লার উন্নয়ন না করে নিজের আখের গুছিয়েছেন, যার প্রমাণ শুধু দিরাইবাসীই নয়, সারাদেশবাসী, বিশ্ববাসী দেখেছেন।”
সিরাজ বলেন, “সুরঞ্জিত সেনগুপ্ত গণতন্ত্রের কথা বলেন। কিন্তু তার মধ্যে গণতন্ত্রের লেশ মাত্র নেই, যার প্রমাণ হচ্ছে, ৯৭ সালে দিরাই উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুরঞ্জিত সেনগুপ্তের চির প্রতিদ্বন্দ্বী ও সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বলেন, “সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রী হওয়ায় দিরাই-শাল্লাবাসী আশায় বুক বেঁধে ছিলেন। কিন্তু সুরঞ্জিত দুর্নীতি করে দিরাই-শাল্লাবাসীকে অপমানিত করেছেন। আজ তার ভাওতাবাজি ধরা পড়ে গেছে। দিরাই-শাল্লাসহ দেশবাসীর কাছে তার দুর্নীতি উন্মোচিত হয়েছে, যার প্রমাণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।”
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি শাহ আলী বর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি অাব্দুর রশিদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরদার, কৃষকদলের আহ্বায়ক সুজাত আহমদ, শ্রমিকদলের আহ্বায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাবুল আহমদ, সজিব রশিদ চৌধুরী, পৌর যুবদলের সভাপতি রুবেল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আজাদ মিয়া, উপজেলা তরুণদলের আহ্বায়ক রেজাউল করিম, পৌর তরুণদলের আহ্বায়ক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম প্রমুখ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন