
সারা দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার দুই দিনের মাথায় ফল ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সেফায়েত উল্লাহ জানান, রোববার দুপুরে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া শুরু হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dghs.gov.bd) ফলাফল প্রকাশ করা হবে।
গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৩টি কেন্দ্রে এক ঘণ্টার এই ‘এমসিকিউ’ পরীক্ষা হয়। আট হাজার ৪৯৩টি আসনের বিরপীতে ৫৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।
এ বছর দেশের ২২টি সরকারি মেডিকেল কলেজে দুই হাজার ৮১১টি এবং ৫৩টি বেসরকারি মেডিকেলে চার হাজার ২৪৫টি আসনে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আর নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ৫৬৭টি আসন এবং ১৪টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটের ৮৭০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বিডিএস কোর্সে।
প্রতি বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে সরকারের বাড়তি মনোযোগ থাকলেও এবার ভর্তি পদ্ধতি সংস্কারের উদ্যোগ ঠেকাতে শিক্ষার্থীদের আন্দোলন এবং নকল ঠেকাতে পরীক্ষার হলে ঘড়ি নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণে আলোচনা নতুন মাত্রা পায়।
গত ১২ অগাস্ট স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দিলে সারা দেশে আন্দোলন শুরু করে মেডিকেল ভর্তিচ্ছুরা। বিষয়টি শেষ পর্যন্ত আদালতেও গড়ায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।
গত ১০ সেপ্টেম্বর আদালত পরীক্ষা নিয়ে মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দিলে সরকার ২৩ নভেম্বর পরীক্ষার দিন রাখে।
এবার পরীক্ষা নেয়া হলেও আগামী বছর থেকে জিপিএর ভিত্তিতেই মেডিকেলে শিক্ষার্থী ভর্তির ইংগিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। পরীক্ষার দিন তিনি সাংবাদিকদের বলেন, নতুন পদ্ধতি নির্ধারণের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সবার সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা হবে।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন