বড় দরপতনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারের প্রায় সব প্রতিষ্ঠানই দর হারিয়েছে। এর ফলে সূচকের বড় পতন হয়েছে। অব্যাহত এই দরপতনের প্রতিবাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী।
এ বিষয়ে ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাজারের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারী, স্টক ব্রোকার, স্টক ডিলার ও মিউচুয়াল ফান্ড বাজারে সক্রিয় নেই। তাঁরা সাইড লাইনে রয়েছে। এই কারণে বাজারে দরপতন তরান্বিত হচ্ছে’। তিনি এসব বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় হওয়ার অনুরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বড় দরপতনের মধ্যে লেনদেন শেষ হলে বেশ কিছু বিনিয়োগকারী ডিএসইর সামনে জড় হন। এসময় তাঁরা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পষিদের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। তাঁরা ডিএসইর সভাপতি রকিবুর রহমান ও এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেনসহ ডিএসই ও এসইসির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.২৩ শতাংশ বা ৯২ পয়েন্ট কমে ৪০৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। শুরুতে কয়েকবার সূচক ওঠানামা করলেও বেলা ১১টার পর থেকে সূচক কমতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচক কমার হারও দ্রুত বাড়তে থাকে। এমনকি সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে মোট ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪১টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১২টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ স্টক এক্সচেঞ্জটিতে ২০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৪ কোটি টাকা কম। একই সঙ্গে আজকের লেনদেন গত প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২ আগস্ট ২১০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, বিএসসিসিএল, সিএমসি কামাল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, এমআই সিমেন্ট ও সায়হাম টেক্সটাইল প্রভৃতি।
অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩৮৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১১টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন