শচীন টেন্ডুলকার গত অক্টোবরে জানিয়ে রেখেছেন, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে সিরিজ শেষ হওয়ার আগেই তাঁর অবসর নিয়ে প্রশ্ন উঠে গেছে।
সুনীল গাভাস্কার মনে করেন, শচীনের অবসর-পরিকল্পনার ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা উচিত নির্বাচকদের। তবে ভারতের সাবেক এই অধিনায়কের বিশ্বাস, নিজে থেকেই সিদ্ধান্তটা নেবেন শচীন।
শচীনের অবসর নিয়ে প্রশ্ন ওঠা অবশ্য অমূলক নয়। বয়স ৪০-এর দিকে এগিয়ে চলেছে। তবে এটাই মূল কারণ নয়। লিটল মাস্টারের পারফরম্যান্সেও যে বয়সের ছাপ পড়েছে! আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিকের ব্যাটে রান নেই। সর্বশেষ ছয় ইনিংসের চারটিতেই বোল্ড হয়েছেন। এটাকে বয়সের ছাপ বলবেন না-তো কী!
মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ৮ রানে পানেসরের বলে বোল্ড হন শচীন। গতকাল দ্বিতীয় ইনিংসেও ৮ রানে সাজঘরে ফেরেন লিটল মাস্টার। এবারও শিকারি সেই পানেসর। আউটের ধরনটা শুধু আলাদা, ফেরেন এলবিডব্লিউর শিকার হয়ে।
সার্বিক পরিস্থিতিতে গাভাস্কার মনে করেন, শচীনের সঙ্গে ব্যাপারটা নিয়ে নির্বাচকদের আলোচনা করার সময় এসেছে। ‘শচীন দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতার সঙ্গে খেলছে। কিন্তু সাম্প্রতিক সময়ে রান না পাওয়ায় তার অবসর নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে সমালোচকেরা। সম্ভবত শচীনের পরিকল্পনা সম্পর্কে নির্বাচকেরা তার সঙ্গে আলোচনা করবেন। এর পরই সিদ্ধান্তটা আসতে পারে। তবে আমি বিশ্বাস করি, নিজের অবসরের সিদ্ধান্তটা শচীন নিজেই নেবে।’
সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শচীনের অবসর নেওয়ার দাবিটা জোরালো হয়। পর পর তিন ইনিংসে বোল্ড হন লিটল মাস্টার। এর মানে, বোল্ড হওয়ার হ্যাটট্রিক! শচীনের জন্য তো বটেই, যেকোনো ব্যাটসম্যানের জন্যই ব্যাপারটা অমর্যাদাকর।
রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বলের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলতে পারেননি এ সময়ের সেরা এই ব্যাটসম্যান। তাঁর ব্যাট ও প্যাডের মধ্যেও ছিল যথেষ্ট ফাঁক। শচীনের আউট হওয়ার ধরন দেখে গাভাস্কার মন্তব্য করেছিলেন, শচীন টেন্ডুলকারের খেলায় বয়সের ছাপ পড়েছে। ব্যাট ও প্যাডের মধ্যে যথেষ্ট ফাঁক ছিল। গ্রেট ব্যাটসম্যানের জন্য এটা ভালো লক্ষণ নয়। সূত্র: পিটিআই।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন