১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের শাস্তি হলে বোমা মেরে আদালত উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানকে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে এ হুমকি দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে কার্যালয়ে গিয়ে আদালতের কর্মকর্তারা কাফনের কাপড়টি দেখতে পান।
রক্ত দিয়ে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের প্রহসনমূলক বিচার হচ্ছে। আর আদালতে হাজিরা দেয়ার সময় বাবরকে কষ্ট দেয়া হচ্ছে। এসব বন্ধ করা না হলে রিমোর্ট কন্ট্রোল বোমা দিয়ে আদালত ও বিচাককে উড়িয়ে দেয়া হবে।
এ ঘটনার পর থেকে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল কর্ণফুলী নদী তীরবর্তী চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (সিইউএফএল) ঘাট থেকে অস্ত্রসহ ১০টি ট্রাক আটক করা হয়। এগুলোর মধ্যে ছিল এসএমজি, রকেট লাঞ্চার, টমিগান, অটোমেটিক স্পোর্টিং রাইফেলসহ ১১ লাখ ৪৩ হাজার ৫২০টি গুলি এবং ২৭ হাজার ২০টি গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ।
পরে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা দায়ের করে। এরপর ১১ জুন অস্ত্র আটক ও চোরাচালান আইনে দায়ের হওয়া দুটি মামলার মধ্যে অস্ত্র মামলায় ৪৪ জনকে এবং চোরাচালান মামলায় ৪৫ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দুটি অধিকতর তদন্তের নির্দেশ দেয়া হয়। টানা সাড়ে তিন বছর অধিকতর তদন্ত শেষে গত ২৬ জুন মামলার তদন্ত সংস্থা সিআইডি আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে।
সম্পূরক চার্জশিট অনুযায়ী অস্ত্র মামলায় এখন চার্জশিটভুক্ত আসামি ৫০ জন। আর চোরাচালান মামলার চার্জশিটভুক্ত আসামি হচ্ছেন ৫২ জন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন