অর্থপাচার মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট জেনারেল অব. হারুন অর রশিদকে হাই কোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আপিলের জন্য আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার এ আবেদন করা হয়।
গত ১৮ অক্টোবর আদালতের অনুমতি ছাড়া বিদেশ না যাওয়া ও ডেসটিনির সঙ্গে যুক্ত না থাকাসহ বেশ কয়েকটি শর্তে অর্থপাচার মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট জেনারেল অব. হারুন অর রশিদকে দু’মাসের জামিন দেয় হাই কোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেয়।
এ আদেশে বলা হয়, স্বাস্থ্যগত সমস্যা ও সামাজিক অবস্থান বিবেচনায় দুই মাসের জন্য হারুন অর রশিদকে এ জামিন দেয়া হয়েছে। তবে শর্ত লঙ্ঘন করলে জামিন আপনাআপনি বাতিল হয়ে যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
একইসঙ্গে হারুন অর রশিদ মামলার ব্যাপারে কোনো বিবৃতি ও কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বলে শর্তে বলা হয়েছে।
অর্থপাচারের ২ মামলায় জামিন আবেদন খারিজ করে নিম্ন আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে গত ১৪ অক্টোবর ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হাই কোর্টে আপিল করেন। এতে তার জামিনের আরজিও জানানো হয়। এ বিষয়ে গত ১৭ অক্টোবর শুনানি শেষে আদালত পরদিন আদেশের দিন ধার্য করে।
এর আগে ১১ অক্টোবর তার জামিন আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত।
গত ১১ অক্টোবর হারুন অর রশিদ, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পরে ওইদিনই তারা ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে পৃথকভাবে আত্মসমর্পণ করেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন ও গ্রুপের প্রেসিডেন্ট হারুন অর রশিদসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। তাদের মধ্যে ১০ পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র স্থানান্তরের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন