পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত ও প্রকল্প বাস্তবায়ন একই সঙ্গে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান এলেন গোল্ডস্টেইন। তবে তিনি বলেছেন, পুরো বিষয়টি বিশেষজ্ঞদলের প্রতিবেদনের ওপর নির্ভর করছে।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে দেশের সাম্প্রতিক অর্থনীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এলেন গোল্ডস্টেইন বলেন, “আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে বিশেষজ্ঞ প্যানেল সদস্যরা আবারো বাংলাদেশে আসবেন। প্রাথমিক সফরে তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে বাংলাদেশের আইন মেনে প্রকল্পের দুর্নীতির অভিযোগ বিষয়ে তথ্য চেয়েছেন।”
পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য দুদককে পরামর্শ দেয়ার কথাও জানান তিনি।
এছাড়া এলেন জানান, প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত প্রতিনিধি দল শিগগির বাংলাদেশ সফর করবেন।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত পর্যবেক্ষণে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল তাদের তিন দিনের ঢাকা সফর শেষে গত মঙ্গলবার ফিরে গেছে। এ প্রকল্পে দুর্নীতিসংক্রান্ত বিভিন্ন নথিপত্র বিশ্বব্যাংক প্যানেলকে দেয়া হয়েছে।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক গত জুনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন প্রত্যাহার করে। সম্প্রতি ব্যাংক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হয়েছে। তবে অর্থায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দুর্নীতির ওই অভিযোগ তদন্তের গ্রহণযোগ্যতার ওপর।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন