
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ফিরে আসার অর্থ এই নয় যে, খুব শিগগির এর কাজ শুরু হবে। কিছু প্রক্রিয়াগত, পদ্ধতিগত এবং টেকনিক্যাল বিষয় রয়েছে যা সুরাহা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
তবে এ সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে মন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা চারলেন সড়কের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন যখন অনিশ্চয়তার কালো মেঘে ঢাকা তখন মালয়েশিয়ার সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। কাজেই তাদেরকে এখন না করতে হলেও তা করতে হবে সম্মানজনকভাবে। তা না হলে তো আমরা বন্ধুশুন্য হয়ে পড়বো। তবে জনগণের ওপর যাতে আর্থিক চাপ না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
ওবায়দুল কাদের বলেন, “যে অর্থায়নেই হোক না কেন, আমাদেরকে পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।”
মন্ত্রী এ সময় নির্মাণাধীন এ সড়কের কাজের বিভিন্ন দিক নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতির লক্ষে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী মার্চের মধ্যে এর কাজ শেষ করার নির্দেশ দেন।
মন্ত্রীর সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন সওজ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন