পদ্মা প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে আবারো নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
সোমবার দুর্নীতি দমন কমিশনে তিনি সাংবাদিকদের বলেন, “কোনো অস্বচ্ছ প্রক্রিয়ার সঙ্গে আমি সৈয়দ আবুল হোসেন, সাবেক যোগাযোগমন্ত্রী জড়িত নই।”
প্রকল্পের পরামর্শক নিয়োগে ঘুষ লেনদেন নিয়ে বিশ্ব ব্যাংক অভিযোগ তোলার পর এই বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন।
সোমবার আবুল হোসেনের পাশাপাশি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।
কমিশন চেয়ারম্যান গোলাম রহমান রোববার জানান, আবুল হোসেন ও আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের পরই তারা অনুসন্ধান প্রতিবেদন তৈরি করবেন। এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংক গঠিত প্যানেলের সদস্যদের ঢাকায় অবস্থানের মধ্যে আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা, দুর্নীতির অভিযোগ ওঠার পর যাকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হয়।
আবুল হোসেন বলেন, “পৃথিবীর এমন কোনো লোক সাক্ষ্য হিসেবে দাঁড়াতে পারবে না যে আমি কোনো অনৈতিক দাবি করেছি, কাউকে কম নম্বর, কাউকে বেশি নম্বর দিতে বলেছি।”
বিশ্ব ব্যাংকের অভিযোগ, প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ পেতে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ লেনদেনের আলোচনা হয়েছিল।
ওই সময়কার যোগাযোগমন্ত্রী আবুল হোসেন দাবি করেন, পদ্মা প্রকল্প নিয়ে গঠিত কোনো কমিটির কোনো কাজে তিনি অযাচিতভাবে নাক গলাননি।
দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা কী জিজ্ঞাসা করেছেন- জানতে চাইলে তিনি বলেন, “সামগ্রিক অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমি কিছু বক্তব্য লিখিত আকারে দিয়েছি।
“আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি। সমস্ত প্রশ্নের জবাব আমি দিয়েছি।”


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন