সারাদেশে হরতাল ডাকার পর রাজধানীর যাত্রাবাড়ীতে কয়েকটি গাড়ি ভাংচুর এবং বাসে আগুন ধরানোর চেষ্টা চালিয়েছে হরতাল সমর্থকরা।
সোমবার বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে মিছিল থেকে ভাংচুর ও গাড়িতে আগুনের চেষ্টা হয় বলে পুলিশ জানিয়েছে।
কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভের সময় গত মাসে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে কয়েকদিনে বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছিল জামায়াতকর্মীরা।
একই দাবিতে সোমবার সমাবেশের কর্মসূচি ছিল জামায়াতের। তবে পুলিশ অনুমতি না দেয়ায় তারা মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে।
যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম সাংবাদিকদের বলেন, বিকালে ফারুক সড়কে আকস্মিকভাবে মিছিল বের করে এবং তারপর গাড়ি ভাংচুর শুরু করে জামায়াতকর্মীরা।
সেখানে অন্তত ১৫টি গাড়ি ভাংচুর এবং দুটি বাসে আগুন ধরানোর চেষ্টা হয় বলে জানান তিনি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের কর্মীরা সড়কে টায়ারেও আগুন ধরিয়ে দেয়।
অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. নাজমুজ্জামান জানান, বাসে আগুন দেয়ার খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি সেখানে পাঠানো হয়।
ওসি আবুল কাশেম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন