বিজয় দিবস উপলক্ষে সারা দেশে শুরু হচ্ছে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত বিজয় মঞ্চ থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
সোমবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে এরই মধ্যে বিজয় মাসের কর্মসূচি শুরু হয়েছে।
বিকালে এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি।
শিখা চিরন্তনের পাশে নির্মিত বিজয় মঞ্চের সামনে বিশাল শামিয়ানা টাঙিয়ে কয়েক হাজার মানুষের একসঙ্গে বসার ব্যবস্থা করা হয়েছে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রিসভার সদস্যরা ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন। বিজয় মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ৪২তম বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাসিম এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্পন্দন গোষ্ঠীর নৃত্যানুষ্ঠান ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন আব্দুল জব্বার, মিতা হক, শাহীন সামাদ ও সুবীর নন্দী।
সবশেষে প্রদর্শিত হবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’।
বিজয় মঞ্চে আগামী ৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে অনুষ্ঠান চলবে। এর মধ্যে থাকবে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চিত্র ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের প্রদর্শনী, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও পথ নাটক।
এছাড়া ৮ ডিসেম্বর যুবলীগ, ১১ ডিসেম্বর স্বেচ্ছাসবক লীগ, ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, ১৯ ডিসেম্বর জাতীয় শ্রমিক লীগ, ২২ ডিসেম্বর যুব মহিলা লীগ, ২৪ ডিসেম্বর তাঁতি লীগ ও ৩০ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হবে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন