
রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, “আমরা আশা করছি, এই মাসের শেষের দিকে রায় আসা শুরু করবে। এই বিষয়টা ওরা জানতে পেরেছে বলেই (জামায়াতে ইসলামী) মরিয়া হয়ে উঠেছে। চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।”
সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি শুরুর পর সাংবাদিকদের এ কথা বলেন আশরাফ।
সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি প্রথমে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এরপর শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভনেত্রী হিসাবে, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে।
পরে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এটাই হওয়া উচিৎ।”
চলতি মাসের শেষ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা শুরু হতে পারে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “রায় কি হবে জানি না; এটা আদালতের বিষয়। তবে আশা করি, জাতি যা চায় এই রায়ে তা প্রতিফলিত হবে।”
রায়ের সময় হয়ে আসার বিষয়টি বুঝতে পেরেই জামায়াতে ইসলামীর কর্মীরা সারা দেশে ‘বিশৃঙ্খলা সৃষ্টির’ চেষ্টা করছে মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, এ বিশৃঙ্খলা বন্ধ করতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ শীর্ষ আট নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার চলছে। এর মধ্যে কয়েকটি মামলার শুনানি শেষ পর্যায়ে রয়েছে।
তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরুতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের হামলার শিকার হয় পুলিশ।
কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও ইসলামী ছাত্রশিবিরের হামলার মুখে পড়ে। এসব ঘটনায় প্রায় তিন হাজার জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এসব হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, “এখানে পুলিশ প্রশাসনের ব্যর্থতা আছে। তাদের আগে থেকেই ইনফরমেশন দেয়ার পরও ব্যবস্থা নিতে পারেনি।”
তবে সরকার সবসময়ই অস্থিরতা সৃষ্টির সব ধরনের চেষ্টার বিষয়ে সতর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন