যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউব থেকে সরিয়ে নেয়ার আদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের একটি আদালতের বিচারক।
শুক্রবার এ চলচ্চিত্রটি সরিয়ে নেয়ার জন্য করা দ্বিতীয় মামলায় হেরে গেলেন অভিনেত্রী সিন্ডি লি গার্সিয়া। এছাড়া তার আবেদনের মৌখিক শুনানির জন্য রাখা ৩ ডিসেম্বরের তারিখও বাতিল করেন ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার আদালতের বিচারক মাইকেল ফিটজেরাল্ড।
তবে আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন সিন্ডি লি’র আইনজীবী ক্রিস আর্মেন্তা।
গত সেপ্টেম্বর মাসে করা সিন্ডি লি’র মামলাটি এ চলচ্চিত্রটির বিরুদ্ধে প্রথম কেনো আইনি পদক্ষেপ যাতে এটি ইউটিউব থেকে সরিয়ে নেয়ার জন্য আবেদন জানানো হয়।
এ মামলায় সিন্ডি লি বলেন, প্রতারণা করে তাকে এ চলচ্চিত্রে অভিনয় করানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মিশরীয় বংশোদ্ভূত মার্কিন পরিচালক নকুউলা ব্যাসিলি নকুউলা ‘ইনোসেন্স অব মুসলিমস’ এ ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদকে (স.) ব্যাঙ্গাত্মক এক চরিত্র হিসেবে দেখিয়েছেন।
চলচ্চিত্রটির খবর ছড়িয়ে পড়লে মিশর, লিবিয়াসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ হয় এবং মার্কিন দূতাবাসে হামলার ঘটে। চলচ্চিত্রটির অংশ বিশেষ ইউটিউবে রয়েছে।
লিবিয়ার বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ আরো তিন মার্কিন নাগরিক নিহত হন।
এরপর চলচ্চিত্রটির অংশ বিশেষ ইউটিউব থেকে সরিয়ে নেয়ার ব্যাপারে খোদ হোয়াইট হাউজ থেকে চাপ দেয়া হলেও তা প্রত্যাখ্যান করে ইউটিউবের মালিক কর্তৃপক্ষ গুগল ইনকর্পোরেশন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন