তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঠিক এক সপ্তাহ বাদে আগুন আতঙ্কে আশুলিয়ায় কারখানা থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে প্রায় ৫০ জন শ্রমিক আহত হয়েছে।
শনিবার আশুলিয়ার জিরাব এলাকায় তৈরি পোশাক কারখানা ম্যাসকট গার্মেন্টস লিমিটেড, ম্যাসকট ফ্যাশনস লিমিটেড ও ম্যাসকট নিট লিমিটেডে এ ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
এ ঘটনার পর কারখানা তিনটির কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে আগুনে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আগুন আতঙ্কে ভুগছে শ্রমিকরা। গত কয়েকদিনে আতঙ্কে হুড়োহুড়ির কয়েকটি ঘটনা ঘটেছে।
তাজরিনে অগ্নিকাণ্ডের পর গত বৃহস্পতিবার কারখানাগুলোয় অগ্নিনির্বাপক ব্যবস্থা অনুসন্ধানে আশুলিয়া শিল্পাঞ্চলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৫টি দল অভিযান চালায়।
ওই দিন ম্যাসকট গ্রুপের কারখানাগুলো প্রয়োজনীয় অগ্নিনির্বাপন ব্যবস্থা আছে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন) আব্দুস সালাম।
শিল্প পুলিশের পরিচালক আব্দুর রউফ জানান, বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে ম্যাসকট গ্রুপে নিচ তলায় রাসায়নিক দ্রব্যের গুদাম থেকে গ্যাস নির্গমন ঘটলে আগুন আতঙ্কে শ্রমিকরা চেঁচামেচি শুরু করে।
মুহূর্তের মধ্যে পুরো কারখানায় এ খবর ছড়িয়ে পড়লে সব শ্রমিক আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ৫০জন শ্রমিক সামান্য আহত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
ম্যাসকট গ্রুপের ব্যবস্থাপক (কারিগরি) প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, কারখানার ৭/৮ জন কর্মচারীকে নিচতলায় অগ্নিনির্বাপন প্রশিক্ষণ দেয়া হচ্ছিল।
“এ সময় এক কর্মচারীর ধাক্কায় ড্রাই কেমিক্যালসের একটি ড্রাম উল্টে রাসায়নিক পদার্থ পড়ে যায়। এতে বাতাসে এর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া দ্বিতীয় তলায় পৌঁছলে শ্রমিকরা আগুন ভেবে হুড়োহুড়ি করতে থাকে।”
ফলে তিনটি কারখানার প্রায় দুই হাজার শ্রমিক তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়েছে বলে জানান তিনি।
শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে চলে গেলে একদিনের ছুটি ঘোষণা করা হয়।
তিনি বলেন, “নিজেদের ভুলের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।”
এদিকে কালিয়াকৈরের হেচং বিডি কারখানায়ও আগুন আতঙ্কে ১০ শ্রমিক আহত হয়েছে বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন।
বাড়ইপাড়া এলাকার ওই সোয়েটার কারখানায় সকালে এই ঘটনা ঘটে।
কারখানার উৎপাদন কর্মকর্তা জসিম উদ্দিন জানান, কারখানার পঞ্চম তলার নিটিং সেকশনে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন আহত হন।
গত শুক্রবার সকালেও ওই কারখানার দ্বিতীয় তলায় আয়রন সেকশনে আগুন লাগলে শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন