জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘ব্যর্থতার’ পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
সাভারে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এবং চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে নিহতদের স্মরণে সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়-দায়িত্ব সরকারের। কিন্তু তারা তা দিতে পারছে কিনা তা আজ প্রশ্ন।”
“সরকার প্রতি মুহূর্তে দলীয় নেতাকর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ব্যস্ত। মালিকদের অধিকার রক্ষায় সংঘাত চলছে।”
শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন নিহত হন। একই দিনে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে তিনটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে। এ ঘটনায় সোমবার পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মইন বলেন, যে ঘটনা ঘটেছে তার মূলে কি আছে এর গভীরে যেতে হবে। কারণ এসব ঘটনায় মূল্য দিতে হয় দরিদ্র মানুষকে।
“ফ্লাইওভার ভেঙে পড়ার মূলে রয়েছে দুর্নীতি, এটা বোঝার জন্য তদন্ত কমিটি গঠনের দরকার হয় না। এজন্য যারা দায়ী তাদের চিহ্নিত করতে হবে” যোগ করেন তিনি।
সরকারকে উদ্দেশ্যে মঈন বলেন, “আপনারা কাদেরকে কন্ট্রাক দিয়েছেন? তারা হাজার হাজার কোটি টাকা লুটাপট করে দিচ্ছে।”
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা এই আলোচনা সভার আয়োজন করে।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান বক্তব্য দেন।
পরে একটি কালো পতাকা মিছিল বের করেন জাগপা নেতাকর্মীরা।
এদিকে নিরাপদ কর্মস্থলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
পরিষদের সমন্বয়ক সভাপতি রমেশ চন্দ্র সেন বলেন, শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। মৃত্যুকুপ নয়, আমরা নিরাপদ কর্মস্থল চাই।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন