অর্থ পাচারের দুটি মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, ডেসটিনি গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কলাবাগান থানায় দায়ের করা দুই মামলার তদন্ত কর্মকর্তা গত ২১ নভেম্বর কোম্পানি ও তিন আসামির সম্পত্তি জব্দের আবেদন করেন।
ওই আবেদনের শুনানি শেষে বিচারক ডেসটিনি গ্রুপ এবং এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও তার স্ত্রী ফারাহ দীবার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুটি দুদক দায়ের করে করে।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।
এর আগে গত ২ অক্টোবর দুদকের আবেদনে ডেসটিনি কর্মকর্তাদের ৫৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় একই আদালত।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন