অনলাইন প্রতিবেদন:বাংলারবার্তাটুয়েন্টিফোর.কমঃদেশের হজ্জ্ব যাত্রীদের বিশেষ স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে রাজধানীসহ সারাদেশে বিশেষ কাউন্টার খুলেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)। রাজধানীর আশকোনা হজ্জ্বক্যাম্প, শাহবাগের বারডেম হাসপাতাল, বিভিন্ন এলাকার এনএইচএন ও এইচসিডিপি সেন্টার এবং বিভিন্ন জেলায় অবস্থিত সমিতির স্বাস্থ্যসেবা কেন্দ্রে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ সেবা ও পরামর্শ পাবেন হজ্জ্বযাত্রীরা। তবে এর জন্য প্রত্যেক হজ্জ্বযাত্রীকে অবশ্যই পাঁচশ’ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাডাস এ তথ্য জানায়। সম্মেলনে এ সংক্রান্ত তথ্য তুলে ধরে বাডাস সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। দেশব্যাপি এসব কেন্দ্রে হজ্জ্বযাত্রীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য বিষয়ক লিফলেট, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, কি কি ওষুধ নিয়ে যেতে হবে ইত্যাদি প্রয়োজনীয় সব স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেওয়া হবে। কেন্দ্রগুলোতে ডায়াগনসিসের জন্য সমিতির প্রয়োজনীয় টেকনিশিয়ান ও চিকিত্সক থাকবেন। পবিত্র মদিনা ও মক্কা থেকে মোবাইল বা টেলিফোনের মাধ্যমে যে কোনো সময় স্বাস্থ্য বিষয়ক যে কোন পরামর্শ নিতে পারবেন। নিবন্ধন করলে ওই হজ্জ্বযাত্রীকে একটি কোড নম্ব্বর দেওয়া হবে। ওই নম্বরধারী ব্যক্তি মোবাইলের মাধ্যমে তার অসুবিধার কথা জানালে তিন মিনিটের মধ্যে ক্ষুদেবার্তা ও ভয়েস কলের মাধ্যমে প্রেসক্রিপশন পাবেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন