বহদ্দারহাটে ভেঙে পড়া ফ্লাইওভারের নির্মাণ কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি বলে মনে করছে দুর্ঘটনা তদন্তে গণপূর্ত মন্ত্রণালয় গঠিত কমিটি।
বৃহস্পতিবার দুপুরে বহদ্দারহাটে নির্মানাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে পড়ার স্থান পরিদর্শন শেষে কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যাম সুন্দর শিকদার এ কথা বলেন।
সাংবাদিকদের তিনি বলেন, “কাজ চলমান অবস্থায় যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেয়া দরকার ছিল ততটুকু নেয়া হয়নি বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক বার ধসের পরে পুনরায় এ দুর্ঘটনা ঘটায় বুঝে নেয়া যায় ঠিকাদারি প্রতিষ্ঠানরা কি কাজ করেছে।”
গত শনিবার সন্ধ্যায় বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে মৃত্যু হয় ১৩ জনের। এ ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসন, সিডিএ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে পৃথক তিনটি তদন্ত কমিটি করা হয়।
সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে। চলতি বছরের ২৯ জুন একই ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে এক রিকশাচালক আহত হয়েছিলেন।
এর মধ্যে সিডিএ-এর তদন্ত কমিটি বাদে বাকি দুটি কমিটি কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার সকালে এসে পাঁচ সদস্যের তদন্ত কমিটির চার সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ, আহত এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
ঘটনাস্থলে আসা কমিটির অন্য সদস্যরা হলেন, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদ, রাজউকের যুগ্ম সচিব আবদুল মান্নান এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী আফিল উদ্দিন।
এ সময় সিডিএর প্রধান প্রকৌশীল নাসির উদ্দিন মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন